অবৈধ বালি ! কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি, নির্বাক পুলিশ !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বুদবুদ : ওভারলোডিং। না আছে চালান, না আছে পরিমানের পরিমাপ করা রিসিট কপি। গুরুত্বপুর্ন জাতীয় সড়কে শিকেয় উঠেছে নাকা চেকিং। অবাধে চলছে ‘অবৈধ’ বালি বোঝাই লরি। রাজ্যের কোষাগার যখন অর্থসঙ্কটে ভুগছে। অন্যদিকে তখন দৈনিক কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চলছে গলসীর দামোদর নদের বিভিন্ন ঘাট থেকে বালি পাচার। অভিযোগ, পুলিশ ও জেলা প্রশাসনের প্রচ্ছন্ন মদতে চলছে অবৈধভাবে বালি পাচারের রমরমা কারবার। প্রশ্ন উঠেছে, ভুমি রাজস্ব, পরিবহন দফতর ও ট্রাফিক পুলিশের নজরদারিতে। এমনই নজিরবিহীন ছবি ধরা পড়ল ১৯ নং জাতীয় সড়কের ওপর বুদবুদ বাইপাসে। প্রসঙ্গত, পানাগড় সম্প্রতি ধরলা মোড় থেকে পালশিট পর্যন্ত জাতীয় সড়ক ছয় লেন সম্প্রসারন হয়। মজবুত টেকসইয়ের জন্য আধুনিকমানের করা হয়েছে। সড়কের পুরোটাই সার্ভিস লেন রাখা হয়েছে। দুর্ঘটনা রুখতে সংযোগস্থলে আন্ডারপাস, উড়ালপুর করা হয়েছে। সুরক্ষার জন্য দু’কিলোমিটার অন্তর সিসিটিভি বসানো হয়েছে। এছাড়াও রাজ্য পুলিশের তরফে থানা ভিত্তিক নাকা চেকপোষ্ট ও আলাদা করে সিসিটিভি বসানো হয়েছে। চলছে সর্বক্ষণ নজরদারি। নজরদারির পরও পুলিশ প্রশাসনের নাকের ডগায় দিনরাত চলছে অবৈধ বালি বোঝাই ওভারলোডিং লরি ডাম্পারের যাতায়াত। গলসীর দামোদরের শিকারপুর, শিল্ল্যাঘাট, সোদপুর ঘাট থেকেই উত্তোলন হচ্ছে ওইসব বালি। অভিযোগ, রাতের অন্ধকার নামতে ওভারলোডিং বালি পাচারের রমরমা কারবার শুরু হয়। বুদবুদ পানাগড়ে বিভিন্ন ঠিকাসংস্থার নির্মান কাজে ওইসব বালি জোগান দেওয়া হয়। ওভারলোডিং বালি বোঝাই লরি যাতায়াতের দরুন গলসী-১ নং ব্লকের সোদপুর, নিমডাঙা এলাকায় সেচ ক্যানেলের পাড়ের রাস্তায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার পিচ যেমন উঠে গেছে। তেমনই খানাখন্দে ভর্তি। যেখানে ১০ টন ভার নেওয়ার ক্ষমতা। সেই রাস্তায় ৪০-৫০ টনের ওপর বালি বোঝাই লরি যাতায়াত করছে। যার দরুন ক্যানেলের পাড় ধসে পড়ছে। আর ওই ক্যানেলপাড় ভাঙলে যেমন কৃষি কাজে সেচের জল জোগান লাটে উঠবে। তেমনই বড়সড় ক্ষতির মুখে পড়বে গলসি-১ ও ২ নং ব্লকের কয়েক’শ হেক্টর জমির ধান চাষ। এতো গেল গ্রামীন রাস্তা। এবার আসা যাক, জাতীয় সড়কে। সন্ধ্যার অন্ধকার নামলে রমরমিয়ে ওইসব ঘাট থেকে ওভারলোডিং বালি বোঝাই লরি যাতায়াত শুরু হয়। জানা গেছে, বুদবুদের তিলডাঙা গ্রামের রাজেশ ওরফে রাজু মন্ডল নামে এক ব্যাবসায়ীর বালি সরবরাহ হয়। ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩০-৪০ টি বালি বোঝাই লরি ১৯ নং জাতীয় সড়কের সাধুনগরে সার্ভিস লেনে ও বুদবুদ বাইপাসের আন্ডার পাসে দাঁড়িয়ে থাকে। আর ওইসব ছ’চাকার লরিতে সাড়ে বারো’শ থেকে তেরো’শ সিএফটি অর্থাৎ ৪০-৫০ টন বালি ভর্তি থাকে বলে অভিযোগ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
