সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

Facebook
Twitter
WhatsApp
Telegram
দক্ষিণ ২৪ পরগনা:  সন্তোষপুর রেলস্টেশনে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল প্রায় ৭টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম ঘিরে থাকা একাধিক দোকানে।অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা জামাকাপড় ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। সামনেই দুর্গাপুজো, তাই প্রতিটি দোকানেই প্রচুর স্টক মজুত ছিল। সব পুড়ে ছাই হওয়ায় চরম আতান্তরে ব্যবসায়ীরা। হঠাৎ অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী থেকে দোকানদার—সকলেই। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় স্টেশন চত্বরে।অভিযোগ, প্রায় ৪৫ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আংশিক ট্রেন পরিষেবা চালু করা হয়। বর্তমানে শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেও মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত পরিষেবা এখনও বন্ধ। দমকল থেকে সবুজ সংকেত পেলেই সম্পূর্ণ পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে জানা গেছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও দোকানগুলির বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram