দেন্দুয়ায় MSPL কারখানার গেটে CITU-র সমাবেশ

Facebook
Twitter
WhatsApp
Telegram
সালানপুর: পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দেন্দুয়ায় MSPL কারখানার গেটের সামনে শুক্রবার এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করে সিআইটিইউ সালানপুর এরিয়া কমিটি। সমাবেশে শ্রমিক নেতারা স্পষ্ট জানিয়ে দেন— শ্রমিক সুরক্ষা ও ন্যায্য অধিকার নিয়ে আর কোনও আপস হবে না। শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলি হলোপ্রতিদিনের কাজের সময়সীমা ৮ ঘণ্টায় সীমাবদ্ধ করা,উৎসবের আগে বোনাস প্রদান বাধ্যতামূলক করা,ন্যূনতম মাসিক বেতন ২১ হাজার টাকা নির্ধারণ করা, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, এবং কারখানায় শ্রমিক সুরক্ষা নিশ্চিত করা। সিটু নেতারা অভিযোগ করেন, অঞ্চলের বেশিরভাগ বেসরকারি কারখানায় সুরক্ষার চরম অভাব রয়েছে। বিশেষত এমএসপিএল-সহ একাধিক কারখানায় শ্রমিকদের দিয়ে দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে— কখনও সেড ধসে শ্রমিকের মৃত্যু, কখনও আবাসন থেকে পড়ে সুরক্ষা কর্মীর মৃত্যু, আবার কখনও গলিত লোহা ছিটকে শ্রমিক আহত হওয়ার মতো ঘটনা। অভিযোগ উঠেছে, শাসক দলের কিছু নেতার মদতে সামান্য অর্থের বিনিময়ে এসব দুর্ঘটনার তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে।এদিন সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র জেলা সভাপতি প্রবীর মণ্ডল, শ্রমিক নেতা অশোক ব্যানার্জী, সিএমএসআই সেক্রেটারি মনোজ দত্ত, শ্রমিক নেতা দেবানন্দ প্রসাদ এবং সিএলডব্লিউ লেবার ইউনিয়নের সেক্রেটারি রাজীব গুপ্তা প্রমুখ।সমাবেশ শেষে বাম শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন— দাবি পূরণ না হলে আগামী দিনে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।
Facebook
Twitter
WhatsApp
Telegram