প্রাথমিক শিক্ষায় উন্নয়নের দাবিতে পথে TET উত্তীর্ণরা

Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া: প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের দাবিতে ফের রাস্তায় নামলেন ২০২২ সালের প্রাথমিক TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ মোড়ে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করেন তাঁরা।চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে অন্তত ৫০ হাজার শূন্যপদ পূরণ করতে হবে। সেইসঙ্গে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশেরও দাবি জানান তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা দপ্তরে বিপুল সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে। এর ফলে একদিকে গ্রামীণ বিদ্যালয়গুলিতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চাকরিপ্রার্থীরাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের আন্দোলন কেবল চাকরির জন্য নয়, বরং শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে পড়াশোনার মান বজায় রাখা যায় না—এ কথাই তুলে ধরেন তাঁরা। এদিনের সমাবেশ শেষে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) অভিমুখে মিছিল শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের কড়া নজরদারির মধ্যেই মিছিল এগোয়। শেষে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন টেট উত্তীর্ণরা। সেখানে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গেও তাঁদের বচসা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, গত তিন বছর ধরে লাগাতার আন্দোলন, আবেদন ও অনুরোধের পরও নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছে সরকার। তাঁদের দাবি, রাজ্যে পালাবদলের পর যতগুলো টেট পরীক্ষা হয়েছে তার মধ্যে ২০২২ সালের টেটই সবচেয়ে স্বচ্ছ হয়েছে। অথচ এখনও পর্যন্ত নিয়োগ হচ্ছে না। উল্লেখ্য কয়েকদিন আগে কলকাতাতেও একই দাবিতে তুমুল বিক্ষোভে উত্তাল হয়েছিলেন বাইশের টেট উত্তীর্ণরা। এবার বাঁকুড়াতেও সেই আন্দোলনের আঁচ স্পষ্ট হল।
Facebook
Twitter
WhatsApp
Telegram