হাওড়ায় প্রোমোটারকে গুলি করে খুন !

Facebook
Twitter
WhatsApp
Telegram
হাওড়া : উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় বুধবার ভোরে প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক যুব প্রোমোটারকে। নিহতের নাম সফিক খান। বয়স ২৭ বছর। রমজান মাস চলায় কাকভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারের একটি চায়ের দোকানের সামনে দুই যুবকের সঙ্গে কথা বলছিলেন সফিক। আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড়হিম করা সেই দৃশ্য। দেখা যায়, এক যুবক সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন, আরেকজন পিছনে গিয়ে অবস্থান নেন। মুহূর্তের মধ্যে দু’জনেই আগ্নেয়াস্ত্র বের করে সফিকের মাথা ও বুকে পরপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট চার থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সফিক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। People at crime scene in Howrah street. পরিবারের অভিযোগ, প্রোমোটারি ব্যবসা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। হারুন খান ও রোহিত নামে দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন প্রাক্তন কাউন্সিলর মহম্মদ রুস্তম। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কাকভোরের এই শ্যুটআউট ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। ঘটনায় অভিযুক্ত হারুন খান তৃণমূল যুবনেতা বলে দাবি বিজেপি নেতৃত্বের।
Facebook
Twitter
WhatsApp
Telegram