আলো-ভক্তি-সম্প্রীতির মেলবন্ধনে বাঁকুড়া সদর থানার শ্রীশ্রী শ্যামাপূজায়

Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : উৎসবের আমেজে ভাসছে গোটা বাঁকুড়া। চারিদিকে আনন্দ, আলো আর উচ্ছ্বাসের আবহে আজ এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল বাঁকুড়া সদর থানা চত্বর। সদর থানা আবাসিক শ্রীশ্রী শ্যামাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী শ্যামাপূজার উদ্বোধন অনুষ্ঠান। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। উপস্থিত ছিলেন জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, কর্মরত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারবর্গ। উদ্বোধনী মঞ্চে সাজানো ছিল সাংস্কৃতিক পর্ব— সংগীত, নৃত্য ও আলোকসজ্জার অনবদ্য মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে পুরো থানাপ্রাঙ্গণ। ধূপ-ধুনোর সুবাসে, আলোর ঝলকানিতে এবং ভক্তির আবেশে ভরে ওঠে সন্ধ্যার পরিবেশ। শ্রীশ্রী শ্যামাপূজা কমিটি এলাকার মা ও বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে আলোর এই উৎসবকে আলোকিত করে তোলেন। বাঁকুড়া সদর থানা আবাসিক শ্রীশ্রী শ্যামাপূজা কমিটির এই উদ্যোগ কেবল ধর্মীয় নয়—এটি পুলিশ প্রশাসনের ঐক্য, সৌহার্দ্য ও মানবিকতার প্রতীক। পূজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির এক অটুট সেতুবন্ধন। আগামী কয়েকদিন ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই শ্যামাপূজাকে ঘিরে। এলাকাবাসীর প্রত্যাশা—এই উৎসব শান্তি, শুভশক্তি ও মানবিকতার আলো ছড়িয়ে দিক সমগ্র বাঁকুড়া জুড়ে।
Facebook
Twitter
WhatsApp
Telegram