রামকৃষ্ণ সংঘের কার্তিক পুজো শুরু খুঁটি পুজোর মধ্যে দিয়ে

Facebook
Twitter
WhatsApp
Telegram
হুগলী : বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বহুদিন ধরেই খ্যাত, তবে এখানকার বিশেষত্ব হলো— শুধু কার্তিক দেব নয়, নানা দেবদেবীর আরাধনাতেও মেতে ওঠেন এলাকার মানুষ। প্রতিবছর কার্তিক মাসের সংক্রান্তি উপলক্ষে বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, কেওটা ও ঝাঁপপুকুর এলাকার বাসিন্দারা এই উৎসবকে ঘিরে উদ্দীপনায় মাতেন। এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘ-এর আয়োজিত নারায়ণ পুজো। প্রতি বছরের মতো এবারও সংঘের উদ্যোগে মহাধুমধামে আয়োজন করা হয়েছে এই পুজোর, যা এবার পা দিচ্ছে ৭৩তম বর্ষে। এবারের থিম বা ভাবনা — বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ, যা ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে। আজ সকালে অনুষ্ঠিত হয়েছে খুঁটি পুজো। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাজনা, উলুধ্বনি ও শাঁখধ্বনির মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এবারের নারায়ণ পুজোর। এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে সম্পন্ন হয় এই পুজো অনুষ্ঠান। সংঘের সদস্যরা জানিয়েছেন, এবারের মোট পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। তাঁদের আশা, আগের বছরের মতো এবারও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে এবং পুজোর মাধ্যমে এলাকার সম্প্রীতির বার্তা আরও ছড়িয়ে পড়বে।
Facebook
Twitter
WhatsApp
Telegram