অন্ধ্রপ্রদেশে রেললাইনের পাশে বীরভূমের পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার !

Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম : উত্তরপ্রদেশের ঘটনার ছায়া এবার অন্ধ্রপ্রদেশে। রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হল বীরভূমের আর এক পরিযায়ী শ্রমিকের দেহ। মৃত যুবকের নাম দুধকুমার বাগ্দী বয়স ১৮ বছর ।বাড়ি বীরভূমের নানুর থানার বড়া গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে, বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিলেন দুধকুমার। সেই বাড়িটা বড় করার স্বপ্নে গত বুধবার কাজের সন্ধানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে বিপদ। বৃহস্পতিবার বিকেলে ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় আরপিএফ। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, খুনের আশঙ্কা করছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর দাবি, “বাংলা ভাষা বলার জন্যই হয়তো এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে”। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের কথাও জানান সভাধিপতি। ঘটনায় রাজ্যের নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কাজল শেখ। অন্যদিকে, এস আই আর ইস্যু নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর হুঁশিয়ারি, “যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, যেমন বামফ্রন্টকে নানুর থেকে তাড়িয়েছি, তেমনি বিজেপিকেও গুজরাট পাঠাব।বীরভূম জেলায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram