স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ-সন্তানের জন্ম ! অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম : রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ! স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি, তারপর দিনের পর দিন ধর্ষণ— শেষমেশ জন্ম নেয় এক সন্তান। মুখ খুললে খুনের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী। অভিযুক্ত কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিংকু, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং দলের টাউন কমিটির সহ-সভাপতি। রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত এই টিংকু সাউ।
নির্যাতিতা তরুণীর অভিযোগ ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় প্রিয়নাথ সাউয়ের। সেই সূত্রে সাহায্যের অজুহাতে বারবার ডেকে নেন নিজের বাড়িতে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। কিন্তু গর্ভবতী হয়ে পড়লে, বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। তরুণীর দাবি, সেই সম্পর্কের ফলেই জন্ম নিয়েছে এক সন্তান। এ নিয়ে মুখ খুললেই তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন কাউন্সিলর টিংকু। অবশেষে সমস্ত ভয় উপেক্ষা করে রামপুরহাট থানায় ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।রামপুরহাট থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রামপুরহাট জুড়ে।
Facebook
Twitter
WhatsApp
Telegram
