'বয়স নয়, মনের জোরই আসল'- নেপালে সোনাজয়ী আসানসোলের গৃহবধূ টুম্পা

Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল : বয়স কেবল সংখ্যামাত্র — মনের জোর থাকলে সাফল্য আসবেই। সেই কথাটাই আবারও প্রমাণ করে দেখালেন আসানসোলের কুলটির গৃহবধূ টুম্পা নন্দী। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছেন তিনি।বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন দলের বর্ষীয়ান নেতা চন্ডী চট্টোপাধ্যায়, কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলেই টুম্পা দেবীর সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান। নিজের সাফল্যের কথা বলতে গিয়ে টুম্পা নন্দী জানান,আমি কুলটির মেয়ে। বাপের বাড়ি ডিসেরগড়ে, আর শ্বশুরবাড়ি নিয়ামতপুরে। ছোটবেলা থেকেই বাবা-মা যোগাসনের প্রতি উৎসাহ দিতেন। সেই প্রেরণাই আজও আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, বয়স কোনও বাধা নয় — শরীর ও মনের সুস্থতার জন্য সবারই যোগাসন শেখা উচিত। আগামী দিনে আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তাঁর লক্ষ্য। টুম্পা জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্ব যোগাসন প্রতিযোগিতা, যেখানে তিনি ভারতের হয়ে অংশ নিতে চান। নেপালের মাটিতে সোনার পদক জিতে কুলটি তথা পশ্চিম বর্ধমানকে গর্বিত করলেন টুম্পা নন্দী — এক অনুপ্রেরণার নাম।
Facebook
Twitter
WhatsApp
Telegram