পরিবহন দপ্তরের কর্তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ আইনজীবির !!

Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল: প্রশাসনিক স্তরে কোন সুরাহা না হওয়ায় এবার আসানসোলের আঞ্চলিক পরিবহন দপ্তরের চার আধিকারিকের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু করলেন আসানসোলের এক আইনজীবি। বীরেন্দ্র কুমার সিং নামে ওই আইনজীবির দাবি, বাংলার বাইরের রাজ্য গুলি থেকে বিভিন্ন পন্য নিয়ে যেসব লরিগুলি আসে, সেই লরির চালক ও খালাসিদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন পরিবহন দপ্তরের আধিকারিকরা।যার কাছে যেমন পারেন, সেই অনুযায়ী টাকা আদায় করা হয়। অনেক ক্ষেত্রেই মিথ্যা ওভারলোডিং মামলা দেওয়া হয় পন্যসহ ট্রাকগুলির উপর।সম্প্রতি রাজস্থান থেকে তেমনই একটি ট্রাক এসেছিল পন্য নিয়ে। বীরেন্দ্র বাবুর অভিযোগ,লরিটি যেখানে পার্কিং করা ছিল, সেখানে গভীর রাতে পরিবহন দপ্তরের ওই আধিকারিকরা গিয়ে চালকের কাছ থেকে জোর করে দু হাজার টাকা আদায় করেন। বিনিময়ে কোনরকম চালান দেওয়া হয়নি তাঁকে। টাকা নেওয়ার পরও ওই লরিটিকে পরিবহন দপ্তরের পার্কিং লটে টেনে নিয়ে চলে আসেন তাঁরা। লরি চালক ও খালাসি তাঁদের উপর ঘটা পরিবহন দপ্তরের এই জুলুমবাজির ঘটনার কথা আইনজীবি বীরেন্দ্র সিংকে জানান। বীরেন্দ্র বাবুর অভিযোগ, তিনি পরিবহন দপ্তরে গিয়ে তাঁর মক্কেলের আটক হওয়া লরি সম্পর্কে খোঁজ নিতে গেলে তাঁর সাথে চরম দুর্ব্যবহার করেন ওই আধিকারিকরা।এমনকি তাঁকে দালাল ইত্যাদি বলে ধাক্কা মেরে দপ্তর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই আইনজীবি। তিনি বলেন, ঘটনার কথা লিখিতভাবে আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার, জেলাশাসক এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জানানো হয়েছে। কিন্তু একমাস পেরিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট আধিকারিকদের কারো বিরুদ্ধেই কোনরকম প্রশাসনিক ব্যবস্থা গৃহীত না হওয়ায় বৃহস্পতিবার চার আধিকারিকের বিরুদ্ধে সরাসরি আদালতে মামলা দায়ের করেছেন তিনি।যদিও এ ব্যাপারে অভিযুক্ত পরিবহন দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
Facebook
Twitter
WhatsApp
Telegram