প্রশাসন ও পুজো কমিটির মধ্যে সমন্বয় বৈঠক

Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা: আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে তৎপর কাঁকসা প্রশাসন। বৃহস্পতিবার কাঁকসার SHG হলে কাঁকসা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন মিটিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে, এসিপি কাঁকসা (আইপিএস) আয়ুশ পান্ডে, কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি, পানাগড় দমকল বিভাগের আধিকারিকরা, পানাগড় আরপিএফ পোস্টের ওসি, স্বাস্থ্য দফতর ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির আধিকারিক ও কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটির সদস্যরা।সভায় পুজো কমিটিগুলির সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পুজোর দিনগুলিতে পুজো কমিটি গুলিকে কি কি বিষয় মেনে চলতে হবে সেই নিয়ে সকলকে অবগত করা হয় প্রশাসনের তরফে। দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট নিয়ম মানা ও পুজোর দিনগুলিতে কয়েকটি রাস্তায় ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানান কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও রাতে মণ্ডপে পাহারার ব্যবস্থা রাখার আবেদন জানান কাঁকসার বিডিও পর্ণা দে। প্রতিটি মণ্ডপে আগুন নেভানোর প্রাথমিক সরঞ্জাম রাখার নির্দেশ দেন এসিপি আয়ুশ পান্ডে ও আইসি প্রসূন খাঁ।প্রশাসনের তরফে জানানো হয়, রাতের বেলায় মণ্ডপ ফাঁকা থাকলে পুলিশের পেট্রোলিং টিম কমিটির সদস্যদের জবাবদিহি চাইবে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরও সেরা পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হবে।এদিনের বৈঠকে প্রশাসন ও পুলিশ একবাক্যে জানায়— এখন পর্যন্ত কাঁকসায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও যাতে ভবিষ্যতেও না ঘটে, সেই বিষয়ে সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
Facebook
Twitter
WhatsApp
Telegram