কেরালার স্বামী পদ্মনাভ মন্দির থিমে সেজে উঠছে সবুজ সংঘের মণ্ডপ

Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের অন্যতম বড় দুর্গাপুজো হলো সবুজ সংঘের পুজো। প্রতিবছরের মতো এবারও তাদের পুজোমণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই পূজোর। অন্যদিকে, দ্বিতীয়ার দিনে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তাঁদের সঙ্গে থাকবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং সাংসদ কীর্তি আজাদ।এ বছর সবুজ সংঘের পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করল। বাজেট ধরা হয়েছে আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। মণ্ডপ নির্মাণের প্রস্তুতি চলছে জোরকদমে।এবারের থিম ভাবনা কেরালার বিখ্যাত স্বামী পদ্মনাভ মন্দির। দক্ষিণ ভারতের এই প্রাচীন মন্দিরটি ভগবান বিষ্ণুর পদ্মনাভ রূপের জন্য বিশেষভাবে পূজিত হয়। মন্দিরটি তার সুন্দর মোরাল পেইন্টিং, পাথরের কারুকার্য ও চিত্রকলার জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। সেই আদলেই সাজছে সবুজ সংঘের মণ্ডপ।পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বহু মানুষ দূরবর্তী এই তীর্থস্থানগুলি দেখতে যেতে পারেন না। তাই প্রতি বছরই তারা দেশের নানা প্রাচীন মন্দির ও ঐতিহ্যের প্রতিচ্ছবি মণ্ডপে তুলে ধরেন, যাতে দর্শনার্থীরা কাছ থেকে সেই অভিজ্ঞতা লাভ করতে পারেন।এবার শুধু মণ্ডপ নয়, ভেতরের বিশেষ আলোকসজ্জা-ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে। সবুজ সংঘের কর্তাদের বিশ্বাস, আগের বছরের মতো এ বছরও তাদের মণ্ডপ দর্শকদের মন কেড়ে নেবে।
Facebook
Twitter
WhatsApp
Telegram