ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত ১

Facebook
Twitter
WhatsApp
Telegram

বীরভূম : সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বীরভূমে। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ট্রাক্টর চালকের। বীরভূম জেলার ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুরের মোদীয়ান কলেজ মোড়ের কাছে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল একটি ট্রাক্টর। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলে অনুমান। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন চালক।দুর্ঘটনার মুহূর্তে ঘটনাস্থলে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ট্রাক্টর চালকের নাম কাঞ্চন মির্ধা, বয়স ৩২ বছর। তিনি মহম্মদ বাজার থানা এলাকার বাসিন্দা। অল্প বয়সেই পরিবারের উপার্জনকারী সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটি না চালকের অসাবধানতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে বারবার ঘটে চলা এমন দুর্ঘটনা জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল।

Facebook
Twitter
WhatsApp
Telegram