উখড়া গ্রামে মহিলাদের উদ্যোগে হল ভাদু পুজো

Facebook
Twitter
WhatsApp
Telegram
অন্ডাল: উখড়া গ্রামের চট্টোপাধ্যায় পাড়ায় মহিলাদের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হল ভাদু পুজো। পুজোর আয়োজন করা হয় পাড়ার প্রাচীন দুর্গা মন্দির চত্বরে। বুধবার সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে দেখা যায়, সেখানে তখন চলছে ভাদু পুজোর প্রস্তুতি। মহিলারা তখন ব্যস্ত গরম গরম লুচি ভাজা, ফল কাটা সহ পুজোর নানা আয়োজনে। অন্যদিকে, সেই সময় মহিলারা ভাদুর আরাধনায় সুর মিলিয়ে গেয়ে চলেছেন নানা গান। স্থানীয় মহিলারা জানান, এক সময় এই পাড়ায় খুব জাঁকজমকভাবে ভাদু পুজোর আযোজন হতো। কিন্তু পরবর্তীতে একে একে পাড়ার মেয়েদের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ায় পুজো বন্ধ হয়ে যায়। শেষবার পুজো হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। ২০১৭ সালে আবারও শুরু হয় ভাদু পুজোর আয়োজন। তারা জানান, ছোটবেলায় পাড়ার মেয়েরা মিলে ভাদু পুজোর আয়োজন করত। তারপর সবাই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ায় পুজো বন্ধ হয়ে যায়। শৈশবের সেই আনন্দময় স্মৃতি পুনরুজ্জীবিত করতেই ২০১৭ সাল থেকে আবার পুজো শুরু হয়। সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগ বজায় থাকে। মহিলাদের নিজেদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। প্রতি বছর পুজোতে কার কী দায়িত্ব থাকবে, কে কবে বাপের বাড়ি আসবে, কী কী অনুষ্ঠান হবে-সবকিছুই আগে থেকে সেই গ্রুপে আলোচনা করে ঠিক করা হয়। পুজো উপলক্ষে সব মেয়েরা বাপের বাড়ি ফিরে আসেন। ফলে ভাদু পুজো এখন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি পরিণত হয়েছে পাড়ার মেয়েদের মিলনমেলায়। বর্তমান প্রজন্মের ছোট মেয়েরা এবং এমনকি পাড়ার বউরাও এই পুজোয় অংশ নিচ্ছেন। তাদের মধ্যেও ভাদু পুজো নিয়ে উৎসাহ ক্রমেই বেড়ে চলেছে। আগে গোটা ভাদ্র মাস জুড়ে পুজো হতো, এখন অবশ্য একদিন-ভাদ্র মাসের শেষ দিনে-এই পুজো অনুষ্ঠিত হয়। বুধবার ছিল পুজো ও ভাদুর জাগরণ। আয়োজকরা আনান, জাগরণে রাতভর ভাদু গান পরিবেশনের পাশাপাশি নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
Facebook
Twitter
WhatsApp
Telegram