গুসকরার রাস্তায় ১৯৩২ সালের অস্টিন টেন !

Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান : জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন—সময়কে সঙ্গী করে এক অনন্য হেরিটেজ যাত্রা। গুসকরার রাস্তায় ছড়িয়ে পড়ল নস্টালজিয়ার আবেশ। নজর কাড়ল ১৯৩২ সালের ঐতিহ্যবাহী পুরনো গাড়ি অস্টিন ‘টেন’। শহরের রাস্তায় একের পর এক পুরনো গাড়ির দেখা মিলতেই উৎসাহী মানুষের ভিড় জমে ওঠে।এই হেরিটেজ যাত্রার নায়ক চন্দ্রপ্রকাশ বর্মা। তিনি তাঁর প্রপিতামহ ভৃগু কুমার বর্মার ১৯৩২ সালে কেনা তৎকালীন সময়ের বিলাসবহুল অস্টিন ‘টেন’ গাড়ি চালিয়ে কলকাতার জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন পর্যন্ত প্রায় ১৫৯ কিলোমিটারের এই স্মরণীয় যাত্রা সম্পন্ন করেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য, প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী গাড়িগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা।

Vintage car on street with people nearby

চন্দ্রপ্রকাশ বর্মা জানান, ১৯৩২ সালে তাঁর প্রপিতামহ ইংল্যান্ড থেকে কাঠের বাক্সে বন্দি করে জাহাজে করে এই অস্টিন ‘টেন’ গাড়িটি ভারতবর্ষে নিয়ে আসেন। অবসর সময়ে তিনি প্রায়ই শান্তিনিকেতনে আসেন, তবে এবারে যাত্রাটিকে বিশেষ করে তুলতেই ৯৩ বছরের পুরনো এই স্মৃতিকে নিজে হাতে চালিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। সকাল সাতটায় কলকাতা থেকে যাত্রা শুরু করে প্রায় চার ঘণ্টা পর গুসকরায় পৌঁছান তিনি। দীর্ঘ পথ অতিক্রম করেও গাড়ি নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। উল্লেখযোগ্যভাবে, গাড়িটির দৈর্ঘ্য ১১ ফুট ২ ইঞ্চি, প্রস্থ ৪ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গুসকরা শহরে পৌঁছাতেই এই ঐতিহ্যবাহী গাড়িটিকে একনজর দেখতে মানুষের ভিড় জমে যায়। পুরনো দিনের স্মৃতি আর ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
Facebook
Twitter
WhatsApp
Telegram